উল্টো রথযাত্রা উৎসব উদ্যাপন

উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার শেরপুর ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব উদ্যাপিত হয়েছে। এর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব রথযাত্রা উৎসব শেষ হলো।
সকালে সনাতন ধর্মাবলম্বীরা শেরপুর জেলা শহরের গোপালবাড়ী মন্দির থেকে পুষ্পরথটি টেনে নয়আনী বাজার কালিমাতার মন্দিরে নিয়ে যান। সেখানে বিশেষ পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইস্কন) উদ্যোগে শহরের গৃদানারায়ণপুর এলাকায় নৃসিংহ জিউ মন্দির থেকে রথসহ শোভাযাত্রা বের করা হয়। উল্টো রথযাত্রা উপলক্ষে নয়আনী বাজার কালিমাতার মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী মেলা হয়। ধর্মীয় অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
বেলা পৌনে তিনটার দিকে কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া এলাকার রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে উল্টো রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো ঘুরে নওপাড়া ইউনিয়নের দনাচাপুরের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এর আগে রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করা হয়। এ সময় বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।