উল্টো রায় হয়েছে, মানি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন হত্যা মামলার রায়ে বিএসএফের অভিযুক্ত সদস্য অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। ফেলানীর বাবা নুরুল ইসলাম এই রায় প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, উল্টো রায় হয়েছে।

বিএসএফের সদস্য অমিয়কে গতকাল বৃহস্পতিবার রাতে নির্দোষ ঘোষণা করেন কোর্ট মার্শালের সমতুল্য বিএসএফের নিজস্ব আদালত।

আজ শুক্রবার ফেলানীর বাবা নুরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি এ রায় মানি না। আমার মেয়েকে প্রকাশ্যে গুলি করে মারল। অমিয় ঘোষ তা স্বীকার করল। অথচ বিচার হলো উল্টো।’ তাদের ডেকে সাক্ষ্য নেওয়াকে সাজানো নাটক বলেও তিনি মনে করেন। আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য সরকারের প্রতি অনুরোধও জানান তিনি।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে ফেলানী খাতুনের বাড়িতে গিয়ে দেখা যায়, অন্যান্য দিনের মতো তার মা জাহানারা বেগম সংসারের কাজে ব্যস্ত। রায়ের সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘সঠিক বিচার পাইলাম না, ভাই। আমি কি নিয়া বাঁচব। এক দিনের সাজা হইলেও সান্ত্বনা পাইতাম। কিছুই হইল না।’
ফেলানীর মামা হানিফ উদ্দিন রায়ের খবর শুনে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা কোনো বিচার হলো? বিশ্বাস ছিল সঠিক বিচার করবে। এখন দেখবেন রায় শোনার পর বিএসএফ আরও বেপরোয়া হয়ে উঠবে। ইচ্ছেমতো গুলি করবে।’
ফেলানীর হত্যা মামলার শুনানিতে অংশ নিতে ভারত গিয়েছিলেন কুড়িগ্রামের সরকারি কৌঁসুলি আব্রাহাম লিংকন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘এই রায়ে ন্যায়বিচার ভূলুণ্ঠিত হয়েছে। হত্যাকারীর বিচারের মাধ্যমে সীমান্তে হত্যা বন্ধের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা তিরোহিত হলো। এই রায় মানবাধিকারের প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শন এবং আত্মস্বীকৃত খুনিকে বৈধতাদানের শামিল।’
উল্লেখ্য, গত মাসের ১৩ তারিখে ভারতের কোচবিহারের বিএসএফের উদ্যোগে গঠিত একটি বিশেষ আদালতে কড়া নিরাপত্তার মধ্যে ফেলানী হত্যার বিচার শুরু হয়। বিচারের প্রথম দিনে মামলার নথিপত্র জমাসহ একমাত্র অভিযুক্ত আসামি বিএসএফ সদস্য অমিয় ঘোষের জবানবন্দি নেওয়া হয়। অমিয় ঘোষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় (অনিচ্ছাকৃত খুন) এবং বিএসএফ আইনের ১৪৬ ধারায় অভিযোগ গঠন করা হয়। এ ধারায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বনিম্ন সাত সাত বছর কারাদণ্ডের বিধান রয়েছে।
গত ১৯ আগস্ট আদালতে ফেলানীর বাবা নুরুল ইসলাম ও মামা আবদুল হানিফ সাক্ষ্য দেন। এ বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করেন কুড়িগ্রাম ৪৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক খালেদ এবং সরকারি কৌঁসুলি আব্রাহাম লিংকন।

যেভাবে হত্যা করা হয় ফেলানীকে
২০১১ সালের ৭ জানুয়ারি ১৫ বছর বয়সী বাংলাদেশি কিশোরী ফেলানী তার বাবা নুরুল ইসলামের সঙ্গে দিল্লি¬ থেকে বাড়ির উদ্দেশে ফিরছিল। তাদের কাছে কোনো বৈধ পাসপোর্ট না থাকায় সকাল ছয়টার দিকে তারা দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়া বাঁশের মই দিয়ে পার হওয়ার চেষ্টা করে। ফেলানীর বাবা কাঁটাতারের বেড়া পার হতে পারলেও আটকে পড়ে ফেলানী। ওই সময় টহলরত বিএসএফের কনস্টেবল অমিয় ঘোষ ফেলানীকে দেখে গুলি চালালে কাঁটাতারে সঙ্গে গায়ে থাকা সোয়েটারে আটকা পড়ে ফেলানী। এরপর টানা চার ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকার পর নামানো হয় ফেলানীর মৃতদেহ। এ ঘটনার পর বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই হত্যার প্রতিবাদে দেশ-বিদেশের বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে কড়া প্রতিবাদ ওঠে।