উল্টোপথে গেলেই গাড়ির চাকা ফুটো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্টোপথে গাড়ি চালাতে গেলে সড়কের ওপর বসানো ডিভাইসের সুচালো স্টিলের কাঁটা স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসবে। ফলে চাকা ফুটো হয়ে গাড়ি অচল হয়ে যাবে। এ মাসের শেষ সপ্তাহে রাজধানীর হেয়ার রোডে একটি ডিভাইস পরীক্ষামূলকভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।


আজ শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ট্রাফিক আইন মানতে বাধ্য করা ও যান চলাচলে বিশৃঙ্খলতা ঠেকাতে ডিএমপি এ সিদ্ধান্ত নিয়েছে। সফলতা পাওয়া গেলে পর্যায়ক্রমে রাজধানীর সব সড়কে ডিভাইস বসানো হবে।

ডিএমপি সূত্র জানায়, ট্রাফিক আইন অমান্য করে রাজধানীতে উল্টোপথে গাড়ি চলায় দুর্ঘটনাসহ অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে ডিএমপির এক বৈঠকে সড়কে ডিভাইস বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়।