উল্টোপথে বাস চলতে বাধা, সর্জেন্টের ওপর চড়াও শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোতলা বাস নিয়ে উল্টোপথে যেতে না দেওয়ায় রাজধানীর বাংলামোটরে পুলিশের এক সার্জেন্টকে মারধর করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গতকাল সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। হামলার শিকার সার্জেন্টের নাম কায়সার হামিদ।

ঘটনার প্রত্যক্ষদর্শী রিয়াজ রায়হান প্রথম আলোকে বলেন, বিকেলে শাহবাগের দিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটো দোতলা বাস বাংলামোটরে সিগন্যালে এসে থামে। এ সময় কয়েকজন ছাত্র বাস থেকে নেমে কারওয়ান বাজারের (সোনারগাঁও ক্রসিং) দিক থেকে শাহবাগগামী গাড়িগুলোকে আটকে দোতলা বাস দুটিকে উল্টোপথে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত সার্জেন্ট এসে বাধা দেন। এ সময় সার্জেন্টের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। সার্জেন্ট ছাত্রদের গাড়ি আটকাতে নিষেধ করেন। একপর্যায়ে বাস থেকে আরও কয়েকজন ছাত্র নেমে সার্জেন্টের ওপর চড়াও হন এবং তাঁকে মারধর শুরু করেন। এ সময় আবার কিছু শিক্ষার্থী এসে হামলাকারীদের নিরস্ত করার চেষ্টা করেন। তবে তাঁদের থামানো যাচ্ছিল না। এ সময় সেখানে থাকা আরেক সার্জেন্ট দৌড়ে এসে মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণ শুরু করলে ছাত্ররা বাসে ফিরে যান। তখন বাস দুটি সোজা পথেই কারওয়ান বাজারের দিকে রওনা হয়।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার মো. আলাউদ্দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি বাস বাংলামোটর থেকে উল্টোপথে সোনারগাঁও ক্রসিংয়ের দিকে যেতে চাইলে কর্তব্যরত সার্জেন্ট কায়সার হামিদ বাধা দেন। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাঁরা সার্জেন্টের ওপর চড়াও হন। পরে অবশ্য বাস দুটিকে সোজা পথেই পাঠানো হয়েছে।