উল্টোরথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব
সারা দেশের বিভিন্ন স্থানে উল্টোরথ টানার মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। গতকাল সোমবার বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টানা হয় উল্টোরথ। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:মানিকগঞ্জ: গতকাল ঢাকার অদূরে ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রীশ্রীযশোমাধবের রথযাত্রা উৎসব উদ্বোধন করেন স্থানীয় সাংসদ বেনজীর আহমদ। সকাল ১০টায় পৌর এলাকার গোপনগরের মাধবমন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন প্রধান পুরোহিত উত্তম গাঙ্গুলি। বেলা তিনটার দিকে ওই মন্দির থেকে মাধববিগ্রহসহ অন্যান্য বিগ্রহ রথে নিয়ে স্থাপন করার পর গোপনগরের পাশে যাত্রাবাড়ীতে নির্মিত মঞ্চে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এরপর হাজারো নরনারী রথের রশি টেনে পৌর এলাকার গোপনগরের কথিত শ্বশুরালয় থেকে যশোমাধবকে বাবার বাড়ি কায়েতপাড়ার মাধবমন্দিরে নিয়ে যায়। ৩ জুলাই রথযাত্রার উৎসব শুরুর দিন মাধবকে শ্বশুরালয়ে নেওয়া হয়েছিল।ঐতিহ্যবাহী এই রথযাত্রা উপলক্ষে ধামরাই পৌর এলাকায় উৎসব ও মেলা চলবে মাসব্যাপী। মনিরামপুর (যশোর): ‘রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম,/ ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম।/ রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি।/ মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী।’ এ প্রতিপাদ তাৎপর্য নিয়ে ৩ জুলাই যশোরের মনিরামপুরের পাঁচবাড়িয়া, কুশখালী, মশিয়াহাটি, পলাশী ও চিনাটোলা বাজারের যশোমাধবের মন্দির থেকে শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়। অভয়নগর (যশোর): যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়ায় উদ্যাপিত হয়েছে শ্রীশ্রীজগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব। এ উপলক্ষে ভাটপাড়ায় বসেছে রথমেলা। আবহাওয়া অনুকূলে থাকায় মেলায় এবার বিপুল লোকসমাগম হয়েছে বলে জানান আয়োজকেরা। এ ছাড়া উপজেলার রামসরা গ্রামের ইসকন মন্দির ও ফুলেরগাতী এবং চেঙ্গুটিয়া গ্রামেও উল্টোরথযাত্রা উৎসব উদ্যাপিত হয়েছে। পটুয়াখালী: গতকাল বিকেল পাঁচটায় শহরের পুরানবাজার শ্রীশ্রীমদনমোহন জিউর আখড়াবাড়ি মন্দির থেকে উল্টোরথযাত্রা শুরু করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দিরে এসে যাত্রা শেষ হয়। রথযাত্রা উদ্বোধন করেন আখড়াবাড়ি মন্দিরের পুরোহিত শরৎ চন্দ্র চক্রবর্তী। জেলা পূজা উদ্যাপন পরিষদ আয়োজিত উল্টোরথের এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক হিন্দু নারীপুরুষ অংশগ্রহণ করেন।