উল্টোরথযাত্রা উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উল্টোরথযাত্রা উৎসব উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীরা গতকাল ফরিদপুর শহরের গোয়ালচামট শ্রীঅঙ্গন থেকে শোভাযাত্রা বের করেন। এটি শহরের মুজিব সড়কের আলীপুর বান্ধব পল্লী হয়ে আবার শ্রীঅঙ্গনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে প্রসাদ বিতরণ করা হয় l প্রথম আলো
উল্টোরথযাত্রা উৎসব উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীরা গতকাল ফরিদপুর শহরের গোয়ালচামট শ্রীঅঙ্গন থেকে শোভাযাত্রা বের করেন। এটি শহরের মুজিব সড়কের আলীপুর বান্ধব পল্লী হয়ে আবার শ্রীঅঙ্গনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে প্রসাদ বিতরণ করা হয় l প্রথম আলো

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা গতকাল সোমবার উদ্‌যাপিত হয়েছে। এর মধ্য দিয়ে নয় দিনব্যাপী রথযাত্রা উৎসবের শেষ হলো। যশোর, পটুয়াখালী, মাগুরা, মাদারীপুর ও ভোলায় শান্তিপূর্ণ পরিবেশে এই উৎসব হয়েছে।

যশোরের অন্তত পাঁচটি স্থানে গতকাল বিকেলে উল্টোরথযাত্রা উৎসব উদ্‌যাপন করা হয়। সবচেয়ে বড় রথযাত্রা উৎসব হয় অভয়নগর উপজেলার ভাটপাড়ায়। এ ছাড়া অভয়নগর উপজেলার রূপ-সনাতন স্মৃতিতীর্থ ধাম ও মহাকাল বারোয়ারি পূজামন্দির, মনিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া এবং কেশবপুর উপজেলার কাটাখালী ইসকন মন্দিরে উল্টোরথযাত্রা হয়। ২৫ জুন এই উৎসবের শুরু হয়েছিল। এ উপলক্ষে রথমেলার আয়োজন করা হয়। মেলায় মাটি, বেত ও বাঁশের তৈরি বিভিন্ন তৈজসপত্র পাওয়া যায়। অন্যতম আকর্ষণ ছিল রথের মিষ্টি।

এদিকে পটুয়াখালীতে গতকাল বিকেলে উল্টোরথযাত্রা উৎসব হয়েছে। বিকেল সাড়ে চারটায় শহরের পুরান বাজার শ্রীশ্রী মদনমোহন জিউর আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়।

এ ছাড়া বিকেলে শহরের জুবিলী স্কুল সড়ক এলাকার শ্রীশ্রী রাধামাধব ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে উল্টোরথ নিয়ে শহর প্রদক্ষিণ করা হয়।

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে গতকাল বিকেলে উল্টোরথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সদরের বাজার রাধানগর রাধা গোবিন্দ মন্দির থেকে উল্টোরথযাত্রা শুরু হয়ে সীতারাম রাজার দশভূজা মন্দির হয়ে দয়াময়ী মন্দিরে গিয়ে শেষ হয়।

ভোলার মদনমোহন, লক্ষ্মীগোবিন্দ মন্দিরসহ একাধিক মন্দির থেকে শহরে রথযাত্রা বের করা হয়। রথগুলো ভোলা শহরের সড়কগুলো প্রদক্ষিণ করে।

ভোলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অবিনাশ নন্দী বলেন, শ্রীকৃষ্ণের বৃন্দাবন ফেরার তিথিকে হিন্দু সম্প্রদায় রথযাত্রা উৎসব হিসেবে উদ্‌যাপন করে।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন পটুয়াখালী অফিস, যশোর, মাগুরা, মাদারীপুর ও ভোলা প্রতিনিধি]