সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত সোমবার রাতে নগরবাড়ি-বগুড়া মহাসড়কের ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়া কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গতকাল মঙ্গলবার কার্গো ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এক কর্মকর্তা।
উল্লাপাড়ায় নিহত ব্যক্তিরা হলেন পাবনার বেড়া উপজেলার বাসিন্দা ও অটোরিকশাচালক ফুলচাঁদ হোসেন (৫০), জেলা সদরের চর আশুতোষপুর গ্রামের বাচ্চু মিয়া (১৮), আলমগীর হোসেন (২০) ও বিপ্লব মিয়া (২৩)।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ রোড থেকে ছয়জন যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা পাবনা যাচ্ছিল। অটোরিকশাটি শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে চালক ও যাত্রীরা আহত হন। পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তিনজন এবং ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। গুরুতর আহত অন্য তিনজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এঁরা হলেন পাবনার বনপাড়ার মানিক মিয়া, চর আশুতোষপুর গ্রামের শাকিল উদ্দীন ও তারেক মাহমুদ।
কুষ্টিয়ার র্যাব কর্মকর্তা নিহত: গতকাল মঙ্গলবার বিকেলে মিরপুর উপজেলার খাদিমপুর এলাকায় কার্গো ভ্যানের ধাক্কায় র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত হেলাল উদ্দিন র্যাব-৬-এর উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলায়।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান বলেন, গতকাল বিকেল চারটার দিকে হেলাল উদ্দিন বাড়ি থেকে মোটরসাইকেলে করে র্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পে যাচ্ছিলেন। খাদিমপুর এলাকায় একটি কার্গো ভ্যানকে পাশ কাটানোর সময় ধাক্কা লেগে ছিটকে পড়ে যান হেলাল উদ্দিন। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।