উল্লাপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় তিনটি দোকান ও দুটি বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩০টি রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
পুলিশ ও কয়েকজন এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত নয়টার দিকে পৌর এলাকার ঘোষগাতি ও কাওয়াক এলাকার যুবকদের মধ্যে হাতাহাতি হয়। ঘটনা ছড়িয়ে পড়লে ওই দুই এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।
প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। এ সময় শ্যামলীপাড়া বাস টার্মিনালের কাছে তিনটি দোকান ও দুটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষ মামলা করেনি।