উল্লাপাড়ায় দুই ব্যক্তি অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আওয়ামী লীগের এক নেতাসহ দুই ব্যক্তির সন্ধান মিলছে না। গত সোমবার সকালে আওয়ামী লীগের উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ভেংড়ী গ্রামের সেরাজুল ইসলাম মাস্টার ও কয়য়া ইউনিয়নের হোরপাড়া গ্রামের জয়নাল আবেদীন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁদের অপহরণ করা হয়েছে বলে বলা হয়। একই সঙ্গে ছাড়িয়ে নিতে হলে ৫০ লাখ করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বুধবার পুলিশ লুৎফর রহমান নামের একজনকে আটক করেছে।
সেরাজুল মাস্টারের ভাতিজা রুহুল আমিন জানান, বাড়ি থেকে বের হওয়ার পর ফিরে না আসায় রাত আটটার দিকে তিনি তাঁর চাচার মুঠোফোনে ফোন করেন। এ সময় অন্য একজন ফোনটি ধরে বলেন, ‘সে আমাদের কাছে আছে। ৫০ লাখ টাকা দিলে ছেড়ে দেওয়া হবে।’ একইভাবে জয়নাল আবেদীনের ছেলের কাছেও ফোন করে মুক্তিপণ দাবি করা হয়েছে।
আওয়ামী লীগের পূর্ণিমাগাতী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন জানান, গত মঙ্গলবার রাত নয়টার দিকে তিনি সেরাজুলকে ফোন করলে অন্য একজন ফোন ধরে বলেন, ‘মাস্টার সাহেব আমাদের কাছে আছে, চা খাচ্ছে; চা খাওয়ার পর তিনি বাড়িতে যাবেন।’ তিনি আরও জানান, সেরাজুল ও জয়নাল সোমবার সকালে বাড়ি থেকে উল্লাপাড়া বাজারে তাঁর টিনের দোকানে যান। সেখান থেকে যান কয়রাবাজারে। সেখানে জয়নাল আবেদীনকে রেখে সেরাজুল লাহিড়ী মোহনপুরে একটি কাজে যান। দুপুরের দিকে কয়রাবাজারে ফিরে জয়নাল আবেদীনের সঙ্গে সেরাজুলের দেখা হয়। এর পর থেকে তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল ইসলাম বলেন, এ ঘটনায় সেরাজুল ইসলামের ভাতিজা রুহুল আমিন মঙ্গলবার দুপুরে থানায় একটি অপহরণ মামলা করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লুৎফর রহমান নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।