উল্লাপাড়ায় ফুলকা পচা রোগে মরছে মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নে মাছের ফুলকা পচা রোগ ছড়িয়ে পড়ছে। গত এক সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়ে ইউনিয়নের পাঁচটি পুকুরের প্রায় আট লাখ টাকার মাছ মরে গেছে। মাছ ব্যবসায়ীরা অভিযোগ করেন, উপজেলা মৎস্য বিভাগকে জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, পূর্ণিমাগাতী ইউনিয়নের বিভিন্ন স্থানে এই রোগ ছড়িয়ে পড়েছে। এই রোগে আক্রান্ত মাছের ফুলকায় প্রথমে ক্ষতের সৃষ্টি হয়। কিছুদিন পর ওই স্থানে পচন ধরায় মাছ শ্বাস নিতে পারে না। এতে মাছ মরে যায়।
পূর্ণিমাগাতী গ্রামের আবদুল মান্নান ও আবদুল মালেক জানান, কয়েক মাস আগে তাঁরা তাঁদের তিনটি পুকুরে কাতল, রুই ও মৃগেল মাছের চাষ করেছেন। প্রতিটি মাছের ওজন প্রায় এক থেকে দেড় কেজি হয়েছিল। কিন্তু ফুলকা পচা রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে প্রায় পাঁচ হাজার কাতল মাছ মরে গেছে।
ভেংড়ি গ্রামের মাছচাষি জাকির হোসেন জানান, তাঁর ১১ বিঘা আয়তনের দুটি পুকুরে ফুলকা পচা রোগে আক্রান্ত দুই হাজার মরে গেছে। এসব মাছের মূল্য প্রায় দুই লাখ টাকা। বিষয়টি একাধিকবার উপজেলা মৎস্য কর্মকর্তাকে জানানো হয়েছিল। তিনি দ্রুত মাছ বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু রোগ প্রতিরোধের বিষয়ে কোনো পরামর্শ দেননি। এমনকি তিনি পরিদর্শনও করেননি।
অভিযোগ অস্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, চাষিদের পুকুর থেকে রোগাক্রান্ত মাছগুলো উঠিয়ে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে পুকুরের প্রতি বিঘা জমিতে ৫০০ গ্রাম চুন ও লবণ দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু তাঁরা তা না করে অপ্রয়োজনীয় ইকোনেট ও জিওফেক্স ওষুধ দিচ্ছেন। চাষিরা বুঝতে ভুল করেছেন। বিষয়টি নিয়ে এলাকার মাছচাষিদের সচেতন করা হচ্ছে। অনেক সময় বন্যার খারাপ পানি পুকুরে ঢুকলে এ ধরনের রোগ ছড়িয়ে পড়ে।