উল্লাপাড়ায় বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় এবং গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকচালকের সহকারী রায়গঞ্জ উপজেলার নলকা গ্রামের ফরিদ উদ্দিন (৩০) ও কেব্ল-সংযোগের ব্যবসায়ী বড়হর গ্রামের আবদুল হান্নান (৩৫)।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার গরুবোঝাই ট্রাকটি উল্লাপাড়া গ্যাস লাইন গরুর হাট থেকে উল্লাপাড়া-কয়রা সড়কে উঠছিল। এ সময় ট্রাকের পাশে বাঁধা একটি বাঁশ রাস্তার ওপরে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে তিনজন আহত হন। তাঁদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে ফরিদের মৃত্যু হয়। আহত দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।
ওই ক্লিনিকের ব্যবস্থাপক মাহবুব আলম বলেন, ফরিদের লাশ স্বজনেরা নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উপজেলার বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক বলেন, বাজারে অ্যান্টেনার তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হান্নানের মৃত্যু হয়। উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা বলেন, এ দুটি ঘটনায় থানায় অভিযোগ আসেনি।