উল্লাপাড়ায় কৃষককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গত বৃহস্পতিবার অক্ষয় কুমার সরকার (৫৫) নামের এক কৃষককে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার থানায় একটি হত্যা মামলা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে উপজেলার তেলীপাড়া গ্রামের অক্ষয় কুমার সরকার ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় কে বা কারা তাঁকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বাড়ির পাশের এক ধানখেতে ফেলে রেখে পালিয়ে যায়। গতকাল শুক্রবার সকালে এলাকাবাসী তাঁর লাশ ওই ধানখেতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, লাশের বাঁ চোয়াল ও কানে আঘাতের চিহ্ন দেখা গেছে। অক্ষয় কুমার কী কারণে খুন হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তাঁকে কেউ ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ওই খেতে ফেলে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহত কৃষকের ছেলে মিলন সরকার বাদী হয়ে গতকাল থানায় একটি হত্যা মামলা করেছেন।