সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও প্রশাসনবিরোধী কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) আইন ১৯৯৮ অনুযায়ী তাঁর বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হলো।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত ২৩ জুলাইয়ের একটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। একই আদেশে প্যানেল চেয়ারম্যান-১ (ভাইস চেয়ারম্যান) খলিলুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।উপজেলা চেয়ারম্যান জাহিদুল হক প্রথম আলোকে বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি মহল তদবির করে এ কাজটি করিয়েছে। এটি উদ্দেশ্যমূলক ও অনিয়মতান্ত্রিকভাবে সুকৌশলে করা হয়েছে।’ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপজেলা চেয়ারম্যান জাহিদুল হকের ক্ষমতা প্রয়োগ উপজেলা পরিষদের স্বার্থবিরোধী। প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে এটা সমীচীন নয়। এ কারণে স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) আইন ১৯৯৮ অনুযায়ী উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হলো।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান জাহিদুল হকের বিরুদ্ধে গত ২৩ মে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি অনাস্থা প্রস্তাব দাখিল করা হয়। এই অনাস্থা প্রস্তাবে উপজেলার সব ইউপি চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানেরা স্বাক্ষর করেন। পরে এ বিষয়ে বিভাগীয় কমিশন কার্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত করা হয়। ওই তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়।সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত করা হয়। ওই তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও পরিষদের স্বার্থহানিকর কাজের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাঁকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বরখাস্ত করা হলো। একই সঙ্গে ভাইস-চেয়ারম্যান খলিলুর রহমানকে আর্থিক ক্ষমতাসহ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান জাহিদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে আত্মীয়স্বজনের মধ্যে কাজ বরাদ্দ এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে।