উল্লাপাড়া ও চাটখিলে তিন বাড়িতে ডাকাতি, আহত ৭
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই বাড়িতে এবং নোয়াখালীর চাটখিলে এক বাড়িতে গতকাল মঙ্গলবার ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের হামলায় সাতজন আহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:উল্লাপাড়া (সিরাজগঞ্জ): উপজেলার সলপ ইউনিয়নের শ্রীবাড়ী গ্রামের আমির হামজা ও শকোর হামজার বাড়িতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢুকে লোকজনকে বেধড়ক পেটায়। এতে আবদুল জলিল, হাসিনা, আনিসুর রহমান, শুকুরসহ পাঁচজন আহত হন। ডাকাতেরা এ সময় ওই দুটি বাড়ি থেকে স্বর্ণালংকার, ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেটসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুটে নেয়। বাড়ির লোকজনের চিত্কারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতেরা একটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামের হীরালাল মাস্টারের বাড়িতে গতকাল মঙ্গলবার ভোরে ডাকাতি হয়েছে। মুখোশধারী ২০ থেকে ২৫ জনের ডাকাত দল বাড়ির চারটি ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকার নগদ টাকাসহ চার লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় ডাকাতের অস্ত্রের আঘাতে বন্দনা রানী (৩৫) ও মোশারফ নামে দুজন আহত হন। আট ডাকাত গ্রেপ্তার গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বক্তারকান্দিতে ওয়েলপ্যাক পলিমারস লিমিটেড নামে প্লাস্টিকের ব্যাগ তৈরির একটি কারখানায় ডাকাতির অভিযোগে পুলিশ সোমবার রাতে আটজনকে গ্রেপ্তার করেছে। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিরা হচ্ছেন জাকির, মনির, মোজাম্মেল, আসমত, আমির হোসেন, জহির, আজিজুল ইসলাম, নূর হোসেন ও ফজলুল মিয়া। পুলিশ তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনসেট, একটি রঙিন টেলিভিশন ও ২৬৬টি খালি বস্তা উদ্ধার করেছে। ওই কারখানা থেকে গত ২৪ ডিসেম্বর রাতে ডাকাতেরা এসব মালামাল লুটে নিয়েছিল। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম গতকাল মঙ্গলবার জানান, গ্রেপ্তার হওয়া আটজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির কথা স্বীকার করেছেন। আসামিদের গতকাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।