উল্লাপাড়া ও মান্দায় সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুদিনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাপায় মাদ্রাসাছাত্র ও নওগাঁর মান্দায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় স্কুলছাত্র নিহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ভেংড়ী দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র নাঈম ইসলাম (১১) রোববার সন্ধ্যায় সাইকেল নিয়ে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। পথে উল্লাপাড়া-গয়হাট্টা আঞ্চলিক সড়কের চড়ুইমুড়ী এলাকায় বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পর রাতে তার মৃত্যু হয়। নাঈম উল্লাপাড়া উপজেলার কয়ড়া চরপাড়া গ্রামের আবদুল মতিয়ার রহমানের ছেলে।
মান্দা থানার পুলিশ জানায়, গতকাল সোমবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কে মান্দার কুসুম্বা এলাকায় রাস্তা পার হওয়ার সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় আলমগীর হোসেন (১৫) নামের এক স্কুলছাত্র ঘটনাস্থলেই প্রাণ হারায়। সে উপজেলার বিলকরিল্যা বিএম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও কুসুম্বা হাজীপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে।