উল্লাপাড়ার চেয়ারম্যান ও বাঘার মেয়র বরখাস্ত
রাজশাহী ও সিরাজগঞ্জে বিতর্কিত কর্মকাণ্ড এবং অসৎ আচরণের অভিযোগে রাজশাহীর বাঘা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গত মঙ্গলবার এই আদেশ দেওয়া হয়। এ ব্যাপারে কথা বলার চেষ্টা করলে আক্কাস আলীর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।এদিকে ক্ষমতার অপপ্রয়োগ ও উপজেলা পরিষদের স্বার্থহানিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল হককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাঘার ইউএনও শহীদুল ইসলাম বলেন, মেয়র আক্কাস আলী সরকারি কাজে বাধাদান, কর্মচারীদের মারধর করা, মদ্যপ অবস্থায় অফিসে আসা ও এক নারীকে ধর্ষণের চেষ্টা করেছেন। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাই তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’ জাহিদুল হক বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই একটি মহল তদবির করে এই কাজটি করেছে।’