উল্লাপাড়ার সেই দুই জেলে পরিবারে স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ধরইল গ্রামের নির্যাতিত দুই সংখ্যালঘু পরিবারে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। সন্ত্রাসী হামলা, ঘরবাড়ি থেকে উচ্ছেদ ও দেশ ছাড়ার হুমকিতে ওই গ্রামের জেলেপল্লির প্রফুল্ল হলদার ও সুপদ হলদারের পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে দিন যাপন করছিল।

২২ নভেম্বর ওই গ্রামের প্রভাবশালী আয়নাল হক ওই দুই জেলে পরিবারের বসতভিটা নিজেদের বলে দাবি করে সেখানে সন্ত্রাসী হামলা চালান। হামলাকারীরা প্রফুল্ল ও সুপ্রদর ঘরবাড়ি ভাঙচুর করে। একই সঙ্গে দেশছাড়া করারও হুমকি দেয়। পরে উল্লাপাড়া থানা-পুলিশ ওই দুই পরিবারের নিরাপত্তায় গ্রামে পুলিশ মোতায়েন করে। গত সোমবার ‘গ্রাম পুলিশের পাহারায় দুটি জেলে পরিবার’ শিরোনামে প্রথম আলোর বিশাল বাংলায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গতকাল মঙ্গলবার উল্লাপাড়া উপজেলার ইউএনও সন্দ্বীপ কুমার সরকার থানার ওসি দেওয়ান কউশিক আহমেদ, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি গৌতম কুমার দত্ত, স্থানীয় দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক হাফিজুর রহমান ও মানবাধিকার কমিশন উল্লাপাড়া শাখার সম্পাদক রাজু আহমেদের সহযোগিতায় দুই পক্ষের লোকজনকে ডেকে সমঝোতার পদক্ষেপ নেন।

প্রফুল্ল ও সুপদ জানান, বিষয়টি মীমাংসার সিদ্ধান্ত হয়েছে। এখন আপাতত তাঁরা উৎকণ্ঠামুক্ত।

ইউএনও সন্দ্বীপ কুমার সরকার বলেন, আয়নাল হক ওই দুই পরিবারের সঙ্গে সহাবস্থানে সব ধরনের সহযোগিতা করবেন বলে কথা দিয়েছেন। জমির বিষয়টি আদালতে ফয়সালা হবে।