উল্লাপাড়ায় অপহরণের ৪০ ঘণ্টা পর যুবক উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে অপহরণের ৪০ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার হলেন নুর ইসলাম (২৬) নামের এক যুবক। বর্তমানে তিনি উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে চিকিত্সাধীন।
নুর ইসলাম উল্লাপাড়া পৌরসভার পশ্চিমপাড়া মহল্লার ইয়াকুব আলীর ছেলে।
নুর ইসলামের বাবা ইয়াকুব আলী জানান, গত রোববার সকাল ১০টার দিকে তাঁর ছেলেকে এক ব্যক্তি মুঠোফোনে উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে যেতে বলেন। ছেলে বাসস্ট্যান্ডে যাওয়ার পর থেকে তাঁর ফোনটিও বন্ধ ছিল। গতকাল সোমবার রাত দুইটার দিকে অপহরণকারীরা একটি নছিমনে করে অচেতন অবস্থায় নুর ইসলামকে বনপাড়ার দিকে নিয়ে যাওয়ার পর উল্লাপাড়া বড়গোজা সেতুর পাশে নছিমনটি দাঁড় করায়। এ সময় স্থানীয় একটি চায়ের দোকানের কিছু লোক অচেতন অবস্থায় নুর ইসলামকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসা করলে নছিমনটি রেখে তারা পালিয়ে যায়।
খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে ইয়াকুব আলী বড়গোজার সেতুর পাশ থেকে তাঁর ছেলেকে নিয়ে এসে উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করান। তিনি আরও জানান, অপহরণকারীরা তাঁর ছেলেকে দূরে কোথাও নিয়ে যাওয়ার পর মুক্তিপণ দাবি করত।