উল্লাপাড়ায় আ.লীগ-সমর্থিত প্রার্থী জয়ী
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মারুফ-বিন হাবিব বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
গত ১৯ ফেব্রুয়ারি প্রথম দফায় অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের সময় এ উপজেলার দুটি কেন্দ্রে (সরকারি আকবর আলী কলেজ ও নলসন্ধ্যা উচ্চবিদ্যালয়) ভোট গ্রহণ স্থগিত করা হয়। আজ সোমবার এ দুটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শেষে এ উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মারুফ-বিন হাবিবকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
এ দুটি কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মারুফ-বিন হাবিব ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৭২টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী শামসুল হক মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৬২টি ভোট।
অন্য দুই প্রার্থীর মধ্যে আনারস প্রতীকের জামায়াত-সমর্থিত জাহিদ হোসাইন এবং দোয়াত-কলম প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মাহফুজ কোনো ভোট পাননি।
এ দুই ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ২৮৬। নলসন্ধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৭৮৭ জন। এ দুটি কেন্দ্রে শুধু চেয়ারম্যান পদের জন্য ভোট নেওয়া হয়।
এ দুই কেন্দ্র মিলে উপজেলার ১২১টি ভোটকেন্দ্রে মারুফ-বিন হাবিব সর্বমোট ৮৯ হাজার ৯৮২টি ভোট পেয়েছেন। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী শামসুল হক পেয়েছেন ৮৩ হাজার ৪৮১টি ভোট।
এদিকে, ভোট কারচুপি ও পুলিশ দিয়ে ভোটারদের হয়রানি করে ভয়ভীতি সৃষ্টি করা হয়েছে—এ অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী শামসুল হক। বেলা দেড়টার দিকে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে শামসুল হক অভিযোগ করে বলেন, ‘প্রথম দফা নির্বাচনের সময় ভোটকেন্দ্রের ব্যালট পেপার ছিনতাই ও পোড়ানোর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এ মামলায় এলাকার লোকজনকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে গ্রাম শূন্য করে ফেলে। যে কারণে আমার ভোটাররা ভোট দিতে আসতে পারেনি। এ ছাড়াও ভোটারদের উপস্থিতি না থাকলেও সকাল ১০টার মধ্যে তারা ৫০ ভাগ ভোট গ্রহণ নিশ্চিত করে। এর আগেও ১০টি কেন্দ্রের ভোট পুনর্গণনার জন্য নির্বাচন কমিশনের নিকট আবেদন করা হলেও সে আবেদন তাঁরা রাখেননি। এ কারণে আমি নির্বাচন বর্জন করেছি।’
তবে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামিম আলম দাবি করেছেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দুটি কেন্দ্রে প্রায় ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এ বিষয়ে কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি।
গত ১৯ ফেব্রুয়ারি প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে উল্লাপাড়া উপজেলার নলসন্ধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এদিকে, সরকারি আকবর আলী কলেজ কেন্দ্র থেকে সরকারদলীয় প্রার্থীর পক্ষে সিল মারা ব্যালট পেপার উদ্ধার করা হয়। এসব কারণে ওই দুই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।