উল্লাপাড়ায় আগাছানাশক ওষুধে পুড়ে যাচ্ছে ধানগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোসী ইউনিয়নের শতাধিক বিঘা জমিতে লাগানো বোরো ধানের চারা পুড়ে গেছে। আগাছা দমনে জমিতে আগাছানাশক শাবিল নামের ওষুধ ব্যবহার করায় এ অবস্থা হয়েছে বলে কৃষকদের অভিযোগ। এতে ভুক্তভোগী কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
কৃষকদের অভিযোগ থেকে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জমিতে যাতে আগাছা না জন্মায়, সে জন্য তাঁরা আগাছানাশক ওষুধ ব্যবহার করেন। এরই ধারাবাহিকতায় ১৫ দিন আগে স্থানীয় সলপ বাজারের শাপলা বীজ ভান্ডার, সার ও কীটনাশক বিক্রেতা মো. খোদাবক্সের দোকান থেকে ইনতেফা কোম্পানির শাবিল নামের আগাছানাশকের গুঁড়ো পাউডারের প্যাকেট কিনে জমিতে ব্যাবহার করেন। পঞ্চক্রোসী ইউনিয়নের পঞ্চক্রোসী, সাইকোলা, বেতকান্দি গ্রামের প্রায় ৫০ জন কৃষক জমিতে এই ওষুধ প্রয়োগ করেন। এরপর থেকেই ধানের চারা লালচে হয়ে পুড়ে মরে যেতে শুরু করে। জমির চারার বৃদ্ধি বন্ধ হয়ে যায়।
সরেজমিনে ২১ ফেব্রুয়ারি দেখা গেছে, পঞ্চক্রোসী গ্রামের কৃষক মানিক মিয়ার আট বিঘা, সদর আলীর তিন বিঘা, জিয়া উদ্দীনের দুই বিঘা, মায়া বেগমের দুই বিঘা, সেলিম হোসেনের দুই বিঘা, হোসেনের তিন বিঘা জমিতে শাবিল ব্যবহার করায় লাগানো ধানের চারা পুড়ে গেছে। এ ছাড়া পার্শ্ববর্তী বেতকান্দি ও সাইকোলা গ্রামের অনেক জমিতে লাগানো চারারও একই অবস্থা দেখা গেছে। যে জমিতে ওই ওষুধ দেওয়া হয়নি, সে জমির ধানের চারা সতেজ রয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মানিক মিয়া বলেন, ‘বিষয়টি স্থানীয় ডিলারের মাধ্যমে কোম্পানির লোকজনকে জানানো হলে তারা পরিদর্শন করে বোরন, জিংকজাতীয় কিছু সার জমিতে দিতে বলেন। তাতেও উপকার হচ্ছে না। এখন নতুন করে ধানের চারা লাগানোর সময় নেই। কী করব বুঝে উঠতে পারছি না।’
অপর কৃষক আলী বলেন, ‘শাবিল ওষুধ ব্যবহার করায় আমার জমির ক্ষতি তো হয়েছেই, উপরন্তু আমার জমি থেকে যে জমিতে পানি গড়িয়ে গেছে, সে জমির ধানও ক্ষতিগ্রস্ত হয়েছে। সবকিছু শেষ হয়ে গেছে।’
আগাছানাশকটির বিক্রেতা খোদাবক্স বলেন, ‘কোম্পানি যেভাবে সরবরাহ করে, সেভাবেই আমরা বিক্রি করি। ভেতরে কী আছে আমাদের জানা নেই। এবারই প্রথম এ কোম্পানির পাঁচ কার্টন ওষুধ এনেছিলাম। এর মধ্যে এক কার্টন এখনো রয়েছে।’
এ বিষয়ে ইনতেফা কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুজ্জামান বলেন, শাবিল নামের আগাছানাশক অনেক দিন ধরেই বিভিন্ন এলাকার জমিতে ব্যবহৃত হয়ে আসছে। যে জমিতে পানি থাকে না, সেখানে এই আগাছানাশক ব্যবহারের নিয়ম নেই। পানি ছাড়া ব্যবহার করলে এ ধরনের ঘটনা ঘটতে পারে। ক্ষতিগ্রস্ত জমিগুলো পরিদর্শন করে কোম্পানির পক্ষ থেকে প্রতিশোধক হিসেবে বিনা মূল্যে সার ও ওষুধ দেওয়া হচ্ছে। শিগগিরই ধানের চারাগুলো সতেজ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খিজির হোসেন প্রামাণিক বলেন, ‘বিষয়টি জানার পর কৃষি বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এমনিতেই কৃষকদের আগাছানাশক ওষুধ ব্যবহার না করার জন্য বলা হয়। চারাগুলোর বৃদ্ধি সাময়িকভাবে থমকে গেলেও আবার ঠিক হয়ে যাবে। তবে ওষুধটি ব্যবহারে মাটির কিছুটা ক্ষতি হবে।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের কোম্পানি রাজধানীর খামারবাড়ি থেকে অনুমতি নিয়ে বাজারে এসব ওষুধ ছেড়েছে। এখানে আমরা কিছু বলতে পারি না।’