উল্লাপাড়ায় আজ একই স্থানে বিএনপির দুই পক্ষের ইফতার, তীব্র উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির দুটি পক্ষ আজ শনিবার একই স্থানে ইফতার অনুষ্ঠানের আহ্বান করেছে। এ নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।দলীয় একাধিক সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মো. আকবর আলী তাঁর নিজ বাড়ি পৌর শহরের ঝিকিড়া মহল্লার মামুন হলে আজ ইফতার অনুষ্ঠানের আয়োজন করে এক সপ্তাহ আগে থেকেই দাওয়াতপত্র বিতরণ শুরু করেন। একই দিনে একই স্থানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন দলীয়ভাবে ইফতার অনুষ্ঠানের আহ্বান করে দাওয়াতপত্র বিতরণসহ গতকাল থেকে মাইকিং করে প্রচার শুরু করেন। এ ঘটনায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।এ বিষয়ে আকবর আলী বলেন, ‘এক সপ্তাহ আগে থেকেই আমার বাড়ি ঝিকিড়া মহল্লার মামুন হলে ইফতার অনুষ্ঠানের জন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলার নেতা-কর্মীসহ চার শতাধিক লোককে দাওয়াতপত্র বিলি করা হয়েছে। বহিষ্কৃত সাধারণ সম্পাদক আজাদ ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় এই ইফতার অনুষ্ঠানকে পণ্ড করার জন্য মিথ্যা প্রচারণা চালাচ্ছেন।’ এ বিষয়ে মো. আজাদ হোসেন বলেন, ‘আমি বহিষ্কৃত নই। আকবর আলীকেই উল্লাপাড়া বিএনপির পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। ইফতারের স্থানটি আকবর আলীর হলেও এটি একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে। এখানেই আমরা দলীয়ভাবে ইফতার অনুষ্ঠান করব।’