উল্লাপাড়ায় আনন্দমেলার নামে জুয়া ও অশ্লীল নৃত্য
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে আনন্দমেলার নামে প্রকাশ্যে চলছে অশ্লীল নৃত্য, হাউজি, র৵াফল ড্র ও জুয়া। পুলিশ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয় লোকজনের৷
পরীক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ, প্রায় এক মাস ধরে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যাত্রা, হাউজি, পুতুলনাচ, লটাির ও র৵াফল ড্র চলছে৷ গভীর রাতে যাত্রায় চলছে নগ্ন নৃত্য। এ ছাড়া মেলাকে ঘিরে এলাকায় মাদক বেচাকেনা চলছে প্রায় প্রকাশ্যে। এতে একদিকে যেমন নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ এবং শিশু ও কিশোরদের নৈতিক অবক্ষয় ঘটছে৷ এলাকার আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, মহাসড়কে ছিনতাই ও চুরি বেড়ে গেছে। পুলিশ-প্রশাসনকে ম্যানেজ করে সলঙ্গা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেদায়েতুল আলম এ মেলার আয়োজন করেছেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, প্রশাসনের অনুমতি না নিলেও আয়োজকেরা হাইকোর্টে িরট করে একটি আদেশ এনে মেলা চালাচ্ছেন৷ তবে এখানে জুয়া ও অশ্লীল নৃত্য বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েক দিন আগে জুয়া খেলার অভিযোগে দুজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
হেদায়েতুল আলম বলেন, হাইকোর্ট থেকে নির্দেশ নিয়ে মেলার আয়োজন করা হয়েছে৷ মেলায় অশ্লীল নৃত্য ও জুয়া চালানোর অভিযোগ ঠিক নয়৷
হাটিকুমরুল এলাকার আবু তাহের ও চরিয়া শিকার গ্রামের জলিল মিয়া জানান, রাতে গানবাজনার শব্দের কারণে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না। আয়োজকেরা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পান না।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহমেদ জানান, এই সড়কে কোনো প্রকার ছিনতাই-চুরি ছিল না। গত দুই সপ্তাহ ধরে মহাসড়কে লোহার কাঁটা ফেলে যানবাহনের চাকা পাংচার করে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ পর্যন্ত পাঁচটি এ ধরনের ঘটনা ঘটেছে। টহলরত পুলিশের পিকআপ ভ্যান যাওয়ার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যাচ্ছে।