উল্লাপাড়ায় আরও চারজন অ্যানথ্রাক্সে আক্রান্ত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ীমোহনপুর ইউনিয়নের সাতবিলা গ্রামের আরও চার ব্যক্তি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে ওই উপজেলায় গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট ১৫ জন এ রোগে আক্রান্ত হলো।নতুন করে আক্রান্ত ব্যক্তিরা হলো: মরিয়ম খাতুন (১০), রাব্বী (১০), আসাদুল ইসলাম (২৫) ও ইসমাইল হোসেন (২৫)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ২৬ মে গ্রামের শহিদ আলীর একটি অসুস্থ গরু কম দামে কিনে জবাই করে এর মাংস সবাই ভাগাভাগি করে নেয়। যারা মাংস বানানো ও রান্নার কাজ করেছে, তাদের কয়েকজন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা সুকুমার রায় বলেন, স্বাস্থ্য বিভাগের একটি চিকিৎসা দল আক্রান্ত রোগীদের বাড়িতে গিয়ে তাদের চিকিৎসা দিয়েছে এবং বিনা মূল্যে ওষুধ সরবরাহ করেছে। এদিকে ঢাকা থেকে আগত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বৈজ্ঞানিক কর্মকর্তা অপূর্ব চক্রবর্তীর নেতৃত্বে একটি অনুসন্ধান দল গতকাল উপজেলার নাদা, চকরিপুর ও সাতবিলা গ্রামে গিয়ে নমুনা সংগ্রহ করেছে।