উল্লাপাড়ায় ইঞ্জিন লাইনচ্যুত, ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনের পশ্চিম রেলসংযোগ লাইনে গত শুক্রবার রাতে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকার সঙ্গে প্রায় ছয় ঘণ্টা উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকে।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনমাস্টার সামসুল আলম বলেন, পাথরবোঝাই একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন সানটিং করা হচ্ছিল। স্টেশনের পশ্চিম প্রান্তের (এক লাইন থেকে অন্য লাইনে প্রবেশপথে) সংযোগ স্থান পয়েন্টে ভুল সিগন্যালের কারণে শুক্রবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে ইঞ্জিনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় এক ও দুই নম্বর রেললাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এ কারণে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী রংপুর, একতা, নীলসাগর ও একটি লোকাল ট্রেন এবং ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর সকাল নয়টার দিকে ইঞ্জিনটি সরিয়ে নেয়। এরপর সোয়া নয়টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এই ঘটনার তদন্তে পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগ চার সদস্যের একটি কমিটি গঠন করেছে।