উল্লাপাড়ায় এইচ টি ইমাম গোল্ড কাপের চূড়ান্ত খেলা সম্পন্ন
সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে এইচ টি ইমাম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা সম্পন্ন হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্নামেন্টের এ খেলা গতকাল শুক্রবার উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় কুষ্টিয়া ও নাটোর জেলা একাদশ অংশ নেয়। খেলায় কুষ্টিয়া জেলা দল ৩-০ গোলে বিজয়ী হয়েছে।
গতকালের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উল্লাপাড়ার সাংসদ তানভীর ইমাম, শাহজাদপুরের সাংসদ হাসিবুর রহমান, নাটোরের সাংসদ আবুল কালাম আজাদ, সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাস প্রমুখ।