উল্লাপাড়ায় কৃষক এসিড সন্ত্রাসের শিকার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিনায়েকপুর গ্রামে গতকাল রোববার ভোররাতে দেলবর হোসেন (৪৫) নামের এক কৃষক এসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। সন্ত্রাসীদের ছোড়া এসিডে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় গতকাল উল্লাপাড়া থানায় দেলবরের ছেলে আবুল কালাম আজাদ ওই গ্রামের বেলালসহ চারজনের নামে মামলা করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, মাস দুয়েক আগে গ্রামের বেলাল ও নুরুর পক্ষের লোকজনের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ হয়। এ ব্যাপারে নুরুর বাবা মামলা করেন। ওই মামলার প্রধান সাক্ষী দেলবর। শনিবার দিবাগত রাতে দেলবর গরু পাহারা দিতে বাড়ির উঠানের চৌকিতে শুয়েছিলেন। রোববার ভোররাতে বাড়িতে ঢুকে অভিযুক্ত ব্যক্তিরা উঠানে শুয়ে থাকা দেলবরের ওপর এসিড ছুড়ে মারেন। এতে তাঁর মুখমণ্ডল ও দেহের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাঁর চিৎকারে বাড়ি ও আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।দেলবরের প্রতিবেশী লাভলু মিয়া বলেন, ‘ভোরে চিৎকার শুনে ওই বাড়ির দিকে যাওয়ার সময় কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি। তবে অন্ধকারে তাদের কাউকে চিনতে পারিনি।’ সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ওসমান গনি গতকাল জানান, এসিডে দেলবরের মুখমণ্ডল ঝলসে গেছে। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আসামিরা পলাতক। তাঁদের শিগগিরই গ্রেপ্তারের চেষ্টা চলছে।