উল্লাপাড়ায় গ্রেপ্তার-আতঙ্কে ভুগছে এক গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রাম গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে। সংঘর্ষের ঘটনায় মামলার জের ধরে গ্রামটিতে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। ফলে জমির পাকা ফসল ঘরে তুলতে না পারায় জমিতেই নষ্ট হচ্ছে।
আসামিপক্ষের লোকজনের অভিযোগ, বাড়িতে পুরুষমানুষ না থাকায় বাদীপক্ষের লোকজন তাঁদের নানা রকম হুমকি দিচ্ছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত ২৮ জানুয়ারি ওই গ্রামে আধিপত্য বিস্তার ও খাসজমির দখল নিয়ে জহুরুল ইসলাম ও হাসানুর রহমান পক্ষের সংঘর্ষে মকবুল হোসেন নামের এক ব্যক্তি খুন হন। আহত হয় দুপক্ষের মোট ৩০ জন। এ ঘটনায় জহুরুলের পক্ষে তাঁর ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে হাসানুর পক্ষের ৫১ জনের নামসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে উল্লাপাড়ায় থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ হাসানুর রহমান, কাওসার আলী, ইউনুস আলী ও রেজাউল কবির নামের চারজনকে গ্রেপ্তার করে।
আসামিপক্ষের হাসানুর রহমানের বোন উম্মে কুলসুমসহ শিখা খাতুন, মিনা খাতুন, আরজিনা নামের স্থানীয় কয়েকজন নারী অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। জমিতে চাষ করা সরিষা পেকে গেলেও তা ঘরে তুলতে বাধা দেওয়া হচ্ছে। এসব সরিষা জমিতেই নষ্ট হচ্ছে। এ ছাড়া গ্রেপ্তার আতঙ্কে গ্রামের অধিকাংশ বাড়ি এখন পুরুষশূন্য। প্রতিপক্ষের হামলার ভয়ে, বিশেষ করে রাতের বেলায় নারীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলেও পুলিশ আমলে নিচ্ছে না।
বাদীপক্ষের নেতা জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি আসামিপক্ষের লোকজনের অভিযোগ অস্বীকার করে বলেন, ওই সংঘর্ষে তাঁদের পক্ষের আহত লোকজনের চিকিৎসা বাবদ এ পর্যন্ত প্রায় ২৫ লাখ টাকা ব্যয় হয়েছে।
উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, পুলিশ প্রকৃত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। কাউকে হয়রানি করা হচ্ছে না। তবে ফসল ওঠানোর ব্যাপারে কেউ পুলিশের কাছে সহযোগিতা চাইলে সহযোগিতা করা হবে।