উল্লাপাড়ায় চিকিৎসকের স্ত্রী খুন হওয়ার ঘটনায় গ্রেপ্তার ৬
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাকাতির সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সুকুমার রায়ের স্ত্রীকে হত্যার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে উল্লাপাড়া ও কামারখন্দ থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছেন কেরানীগঞ্জের মোমিনুল ইসলাম ওরফে মাসুম (২৫), আবদুল মজিদ (২১), শহিদুল ইসলাম ওরফে সোহাগ (২১), ইলিয়াস আহমেদ ওরফে মাসুম (২০), উল্লাপাড়ার শাহিন বুলবুল (২০) ও রিপু ইসলাম (১৯)।উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন আন্তজেলা ডাকাত দলের সদস্য। উল্লাপাড়া পৌর শহরের রিপু ও শাহিনের আমন্ত্রণে তাঁরা ডাকাতি করার জন্য দুই দিন আগে এখানে আসেন। তাঁরা সবাই শাহিনের বাড়িতে অবস্থান নেন। গত মঙ্গলবার রাত আটটার দিকে উল্লাপাড়া পৌর শহরের ঝিকিরা মহল্লায় চিকিৎসক সুকুমারের বাড়িতে ছয়জন সশস্ত্র ডাকাত ঢুকে। এ সময় তাদের ছুরিকাঘাতে সুকুমারের স্ত্রী শুক্লা (৪৩) নিহত হন। এ ঘটনায় সুকুমার উল্লাপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।