উল্লাপাড়ায় তরুণী ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় এক তরুণী গত বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার হয়েছেন। এ ব্যাপারে ওই তরুণী শুক্রবার সলঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ শহরের রায়পুর এলাকার ওই তরুণী গত বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী থেকে বাসে করে বাড়ি ফেরার পথে পাশের আসনের এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সন্ধ্যার দিকে তাঁরা দুজন বাস থেকে নেমে পড়েন। পরে যুবকটি খাবারের সঙ্গে নেশাজাতীয় কিছু মিশিয়ে খাইয়ে তরুণীকে অজ্ঞান করেন। এরপর রাতে তাঁকে ওই যুবকসহ আরও কয়েকজন ধর্ষণ করে। গত শুক্রবার সকালে সলঙ্গা থানার রানীনগর গ্রাম থেকে মেয়েটিকে গ্রামবাসী উদ্ধার করে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়জুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।