উল্লাপাড়ায় তিন বাড়িতে ডাকাতি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনাতলা গ্রামের তিন বাড়িতে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোন, ক্যামেরা, কাপড়চোপড়সহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। থানার পুলিশ ও গ্রামবাসী সূত্র থেকে জানা গেছে, শুক্রবার রাত একটার দিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের আত্মীয় রেদুয়ানুল করিমের বাড়িতে হাফপ্যান্ট পরিহিত মুখোশধারী সশস্ত্র একদল ডাকাত হানা দেয়। তারা ওই বাড়িতে বেড়াতে আসা লোকজন ও পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিমিঞ্চ করে মুঠোফোন, ক্যামেরা, স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকা নিয়ে যায়।ডাকাতেরা এ বাড়ির কয়েকজনকে জিম্মি করে পাশের বাহাদুর আলী ও বদর আলীর বাড়িতে নিয়ে গিয়ে র্যা ব পরিচয়ে ঘরের দরজা খোলার ব্যবস্থা করে। পরে সেখান থেকে নগদ টাকা, কাপড়চোপড় ও স্বর্ণালংকারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে রাত আড়াইটার দিকে চলে যায়। এদিকে একই রাতে উল্লাপাড়া থানা থেকে ১০০ গজ দূরে নিউমার্কেটে চারটি দোকানের ভেন্টিলেটর ভেঙে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকান থেকে নগদ টাকা, কাপড়, ক্যামেরাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়। উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, ডাকাতেরা সংখ্যায় আটজন ছিল বলে জানা গেছে। এ ঘটনায় খান বাহাদুর বাদী হয়ে একটি মামলা করেছেন।