উল্লাপাড়ায় দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ফাতেমা বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর সিমাবাড়ি গ্রামে বাড়িতে গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
ওসমান গণি তালুকদারের স্ত্রী ফাতেমা।
এলাকার কয়েকজন বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার রাতে ফাতেমা একাই ঘরে ঘুমিয়েছিলেন। মধ্যরাতের কোনো একসময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ সময় পুরো ঘরে আগুন ধরে যায়। ফলে ফাতেমা ঘর থেকে বের হতে না পারায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে ওসমান গণি তালুকদার প্রথম আলোকে বলেন, সিরাজগঞ্জের একটি মাদ্রাসায় শিক্ষকতা করায় তিনি সিরাজগঞ্জে এবং ছেলেমেয়ে পাঁচজন সবাই লেখাপড়ার জন্য বাইরে থাকেন। বাড়িতে শুধু ফাতেমা একাই থাকতেন।
এ ব্যাপারে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দিয়ানাতুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলের দিকে রওনা দেন। পরে রাত সোয়া দুইটার দিয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান।
দিয়ানাতুল ইসলাম আরও বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘরে ঢুকে দগ্ধ হয়ে মৃত ফাতেমার লাশ দেখতে পান। মেয়েটি পরহেজগার হওয়ায় পাড়ার লোকজনও ওই বাড়িতে খুব একটা যাতায়াত করত না। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে জানতে চাইলে উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ঘুমের ঘোরে হয়তো ফাতেমা দরজা খুলে ঘর থেকে বের হতে পারেননি। যে কারণে ঘরের মধ্যেই দগ্ধ হয়েই মারা যান। তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।