উল্লাপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে এসআইসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে স্থানীয় থানার একজন উপপরিদর্শকসহ (এসআই) ১০ জন আহত হয়।সংঘর্ষ চলাকালে উল্লাপাড়া পৌর শহরের চারটি বাড়ি, একটি ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি ট্রাক ও দুটি নসিমন ভাঙচুর করা হয়।প্রত্যক্ষদর্শী ও উল্লাপাড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার কাওয়াক ও উল্লাপাড়া মহল্লার ছেলেদের মধ্যে আকবর আলী কলেজ মাঠে ক্রিকেট খেলা হয়। এই খেলার ফলাফল নিয়ে বিরোধের জের ধরে দুই মহল্লার বাসিন্দারা গতকাল বেলা ১১টায় উল্লাপাড়া মহল্লার পাশের সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লাপাড়া থানার উপপরিদর্শক গোলাম কিবরিয়াসহ ১০ জন আহত হন। গোলাম কিবরিয়াকে গুরুতর অবস্থায় ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।