উল্লাপাড়ায় ধানবীজে চারা গজায়নি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কৃষকেরা বেসরকারি একটি বীজ বিপণন প্রতিষ্ঠানের ব্রি-২৯ জাতের বোরো ধানবীজ কিনে প্রতারিত হয়েছেন। ওই বীজে অঙ্কুরোদ্গম হয়নি বলে তাঁরা জানিয়েছেন।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা প্রতিষ্ঠানটির কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। এখন নতুন করে বীজতলা তৈরির জন্য বীজ সংগ্রহ করছেন তাঁরা। এতে চলতি বোরো আবাদে সময় বেশি লাগতে পারে।সরেজমিনে উপজেলার রামকান্তপুর, মোহনপুর, সলপসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, বীজতলা তৈরির জন্য কৃষকেরা উপজেলা সদরের এসিআই কোম্পানির ডিলারের কাছ থেকে ব্রি-২৯ নামের প্যাকেটের ধানবীজ ১৫০ টাকা মূল্যে কেনেন। প্যাকেটের নির্দেশনা অনুযায়ী, বীজগুলো এক সপ্তাহ ভিজিয়ে রাখতে হয়।রামকান্তপুর গ্রামের কৃষক ইদ্রিস আলী অভিযোগ করে বলেন, ‘উপজেলা শহরের মেসার্স উল্লাপাড়া কৃষিঘর নামে বীজের দোকান থেকে এক সপ্তাহ আগে দুই প্যাকেট বীজ দেড় শ টাকায় কিনি। বীজতলার জন্য ভিজিয়ে রাখার পর ১০ দিন পেরিয়ে গেলেও একটি বীজেরও অঙ্কুরোদ্গম হয়নি।’ একই গ্রামের অপর কৃষক সারোয়ার হোসেন বলেন, ‘ভালো উফশী জাতের বীজ মনে করে এসিআই কোম্পানির বীজ কিনে এলাকার কয়েক শ কৃষক প্রতারিত হয়েছেন। এবারের আবাদ দেরি হয়ে যাবে।’উল্লাপাড়ার কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, কৃষকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বীজতলা পরিদর্শন করা হয়েছে। সত্যতা মেলায় বিষয়টি ওই প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। তাঁরা ক্ষতিপূরণ দেবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে এতে আবাদের বিলম্ব হবে না বলে উল্লেখ করেন তিনি।এসিআই কোম্পানির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মো. আসফাক হোসেন জানান, তাপের তারতম্যের কারণে এ ঘটনা ঘটতে পারে। একই বীজে অন্য স্থান থেকে কোনো অভিযোগ আসেনি। তার পরও আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেছেন। কৃষকদের ক্ষতিপূরণ বাবদ বীজগুলো পরিবর্তন বা টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।