উল্লাপাড়ায় নকলে বাধা দেওয়ায় শিক্ষককে প্রহার
পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় গতকাল সোমবার সিরাজগঞ্জের উল্লাপাড়া বিজ্ঞান কলেজের একজন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। ঘটনার প্রতিবাদে উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক গতকাল শহরে মিছিল-সমাবেশ করেছেন। সমাবেশে আট ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছাত্রকে গ্রেপ্তারের দাবি জানানো হয়; অন্যথায় আজ মঙ্গলবার থেকে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব পালন না করার হুমকি দেওয়া হয়।লাঞ্ছিত শিক্ষক রফিকুল ইসলাম অভিযোগ করেন, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের এইচএসসি পরীক্ষার্থী আসিফ ইকবাল গত রোববার উল্লাপাড়া বিজ্ঞান কলেজকেন্দ্রে গণিত প্রথম পত্রের পরীক্ষা চলাকালে অপর পরীক্ষার্থীর খাতা দেখে লেখার সময় তিনি (রফিকুল) বাধা দেন। এই ঘটনার জের ধরে গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে বিজ্ঞান কলেজ মোড়ে আসিফ তাঁকে একা পেয়ে চড় ও ঘুষি দিয়ে পালিয়ে যায়।এ ব্যাপারে রফিকুল ইসলাম বাদী হয়ে উল্লাপাড়া থানায় আসিফের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।