উল্লাপাড়ায় প্রকল্পের চার লাখ টাকা লোপাটের অভিযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্পের কাজ না করে প্রায় চার লাখ টাকা লোপাটের অভিযোগ উঠেছে। উল্লাপাড়া উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে এডিপির প্রকল্পের আওতায় উপজেলার বংকিরোট উচ্চবিদ্যালয়ের সংস্কারকাজে এক লাখ টাকা, কালিয়াকৈর উচ্চবিদ্যালয়ের শৌচাগার নির্মাণকাজে ৮০ হাজার এবং কালিয়াকৈর গ্রামে একটি কালভার্টের নির্মাণকাজে দুই লাখ টাকা বরাদ্দ করা হয়। সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলিমুজ্জামান এই তিনটি কাজের ঠিকাদার নিযুক্ত হন। ওই অর্থবছরের মধ্যেই কাজ শেষ করার কথা ছিল। কিন্তু ঠিকাদার কাজ না করে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে সব টাকা তুলে নেন। কালিয়াকৈর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম বলেন, ‘শুনেছিলাম বিদ্যালয়ে একটি বাথরুম নির্মাণ করার জন্য ৮০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। দুই বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো ঠিকাদার কাজ করতে আসেনি।’ বংকিরোট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরাত আলী বলেন, ‘কাজ করে দেওয়া হবে—এ কথা বলে আমার কাছ থেকে প্যাডে সই নেওয়া হয়েছে।’ কালভার্টিও নির্মাণ করা হয়নি বলে ওই গ্রামের কয়েকজন বাসিন্দা জানান।মো. আলিমুজ্জামান বলেন, নানা সমস্যার কারণে কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে অচিরেই এ কাজ করা হবে। উপজেলা প্রকৌশলী সুজায়েত হোসেন জানান, ঠিকাদার অন্য কাজে ব্যস্ত থাকায় এই তিনটি কাজ সঠিক সময়ে সম্পন্ন করা সম্ভব হয়নি। কাজ না করে কীভাবে বিল প্রদান করা হলো—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপত্তা জামানত জমা রেখে বিল প্রদান করা হয়েছে। ঠিকাদার পরে কাজগুলো করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে কাজগুলো সম্পন্ন করার জন্য অনেক আগেই ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।