উল্লাপাড়ায় প্রকৌশলীর লাশ উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাজহারুল হাসান (২৩) নামের এক প্রকৌশলীর লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাত নয়টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন-সংলগ্ন একটি পুকুর থেকে ভাসমান লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত মাজহারুল হাসান গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বালা বামুনিয়া গ্রামের মমতাজ হোসেনের ছেলে।নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল মাজহার গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউটের বাসা থেকে চাকরির জন্য ঢাকার উদ্দেশে বের হয়ে যান। তারপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ২০০৯ সালে তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক পাস করেন।উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। তবে কীভাবে মাজহার মারা গেছেন বা কারা তাঁকে হত্যা করেছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। সম্ভবত শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার সকালে লাশ সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।