সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল বুধবার বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। খুলনার ডুমুরিয়া, রাজশাহীর পবা, মৌলভীবাজার, সিলেট, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, চট্টগ্রামের আনোয়ারা, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও ১০ জন নিহত হন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:উল্লাপাড়া (সিরাজগঞ্জ): নলকা-বনপাড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার হরিণচড়া এলাকায় গতকাল বুধবার একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদের পানিতে পড়ে গেলে তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তাঁদের মধ্যে সুকুমার (৪২) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে। ডুমুরিয়া (খুলনা): খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা স্কুলমাঠে যাওয়ার সময় বাসের ধাক্কায় ভান্ডারপাড়া গ্রামের বাবুর আলী খান (৭০) নিহত হন। গতকাল সকালে এ ঘটনা ঘটে। বাসের চালক শরিফুল ইসলামকে আটক করা হয়েছে।রাজশাহী: পবা উপজেলার বায়া এলাকায় গত মঙ্গলবার বাসচাপায় এক ভটভটিচালক ও যাত্রী নিহত হয়েছেন। তাঁরা হলেন ভটভটিচালক একই উপজেলার বাগসইল গ্রামের ইনতাজ আলী (৩৫) ও এর যাত্রী একই গ্রামের ইনতাজ আলী (৪৫)। পুলিশ ওই বাসের চালক শামীমকে আটক করেছে। মৌলভীবাজার: মৌলভীবাজার পৌরসভা এলাকার শ্রীমঙ্গল সড়কে মঙ্গলবার যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। তাঁরা হলেন মৌলভীবাজার শহরের কাজীরগাঁও এলাকার বেলাল (২১) ও দরগা মহল্লার এমদাদ (১৮)। সিলেট: নগরের টিলাগড় এলাকায় মঙ্গলবার পিকআপ ভ্যানের ধাক্কায় শহরতলির ইসলামপুর এলাকার মঈন উদ্দিনের স্ত্রী সখিনা বেগম (৪৫) নিহত হন। আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারার বরউঠান রাস্তার মাথায় মঙ্গলবার অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হন। গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলির নিমতলীতে ট্রাকের চাপায় মঙ্গলবার আবদুল আলী তালুকদার (১০) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। সে সদর উপজেলার হরিদাসপুর উত্তরপাড়ার বাবুল তালুকদারের ছেলে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া বাসস্ট্যান্ডে গতকাল যাত্রীবাহী বাসের চাপায় নান্দাইল উপজেলার কামালপুর গ্রামের সুলতান আহম্মদ (২৫) নিহত হন। নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া নৈকাহন এলাকায় মঙ্গলবার মোটরসাইকেলের চাপায় ইমাম হোসেন (৬) নামের এক শিশু নিহত হয়। সে নৈকাহন এলাকার আলী হোসেনের ছেলে।