উল্লাপাড়ায় শিশুর লাশে কিডনি পাওয়া যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেবাড়িয়া গ্রামের শিশু হারুনের লাশের ময়নাতদন্তের প্রতিবেদন গতকাল সোমবার সিভিল সার্জনের কাছে দাখিল করা হয়েছে। প্রতিবেদনে শিশুটির দেহে দুটি কিডনি পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ও ময়নাতদন্তকারী কর্মকর্তা ইমাম আল নাজিমুল হক বলেন, লাশের মধ্যে দুটি কিডনি পাওয়া যায়নি। এ ছাড়া তার পাঁজরে ও তলপেটে বেশ কয়েকটি কাটার চিহ্ন দেখা গেছে। এখান দিয়েই তারা কিডনি কেটে নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিডনি কাটার সময় মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনটি সিভিল সার্জনের কার্যালয়ে গতকাল পেশ করা হয়েছে।
সিরাজগঞ্জের সিভিল সার্জন মাইন উদ্দীন মিঞা বলেন, মানবদেহের যেকোনো অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন করতে হলে চার থেকে ছয় ঘণ্টার মধ্যে করতে হয়। এর পরও এগুলো সংরক্ষণ করার বিষয় মেনে চলতে হয়। তা ছাড়া কিডনির বিষয়টি আরও স্পর্শকাতর। এরা কীভাবে কিডনি নিয়ে গেছে বিষয়টি তাদের ব্যাপার। ময়নাতদন্ত প্রতিবেদনটি থানা পুলিশের কাছে পাঠানো হয়েছে।
গত ২২ এপ্রিল উল্লাপাড়া উপজেলার তেবাড়িয়া গ্রামের আবদুল হান্নানের ছেলে হারুন (৬) নিখোঁজ হয়। এ ঘটনায় হান্নান পাশের তরফবয়রা গ্রামের জাহাঙ্গীর আলম ওরফে চাঁদ মিয়া, দেলোয়ার হোসেন ও আবদুল মতিনকে আসামি করে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২৬ এপ্রিল হারুনের মৃতদেহ গ্রামের ফইলার বিল থেকে উদ্ধার করা হয়। ওই দিনই পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।