উল্লাপাড়ায় সংঘর্ষে আরেকজন নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৪৬)। তিনি চকপাঙ্গাসী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।
থানা-পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি বিরোধপূর্ণ জমি নিয়ে গ্রামের হাসু ও জহুরুল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই পক্ষের ২০ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গত ২৫ জানুয়ারি মোকবুল হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় পরদিন ২৬ জানুয়ারি প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর গতকাল আরেকজন মারা গেলেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের পর থেকে ওই গ্রামে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউসিক আহমেদ সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন আরেকজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় মামলা হয়েছে। নিহত সাইফুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। চকপাঙ্গাসী গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।