উল্লাপাড়ায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে মামুন হোসেন (২২) নামের আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার মারা গেছেন। তিনি উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক মহল্লার আবদুস সালামের ছেলে। পুলিশ এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে গত মঙ্গলবার বিকেলে কাওয়াক মহল্লার তোফাজ্জল হোসেনের সঙ্গে মামুনের বাগিবতণ্ডা হয়। এর পরপরই তোফাজ্জলের লোকজন লাঠিসোঁটা নিয়ে মামুন ও তাঁর লোকজনের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত মামুনকে ওই দিনই জেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় তিনি মারা যান।
এদিকে মামুনের মৃত্যুর খবরে ক্ষুব্ধ এলাকাবাসী তোফাজ্জলের বাড়িঘর ভাঙচুর করেছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের বাবা বাদী হয়ে গতকালই তোফাজ্জল হোসেনকে প্রধান আসামি করে হত্যা মামলা করেছেন। পরে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।