উল্লাপাড়ায় সংঘর্ষে আহত ৫০, সাতটি বাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তির দখল নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খাদুলী দক্ষিণপাড়া গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় এবং গতকাল বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছে। এ সময় পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের মোট সাতটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। গ্রামের প্রায় ১৫০ বিঘা জমি (অর্পিত সম্পত্তি) নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের জাহাঙ্গীর আলম ও ছয়ফল সরকারের দলের মধ্যে বিরোধ চলে আসছে। আহত ব্যক্তিদের মধ্যে ইউনুছ আলী, ইছহাক আলী, আক্কাস আলী, জামান উদ্দিন, হাশেম আলী, মোজাহার হোসেন, ইউসুফ আলী, বেলাল হোসেন, আবদুল মোমিন, শহিদুল ইসলাম, আবু মুছা ও আমজাদ হোসেনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের লোকজন মঙ্গলবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে ছয়ফলের পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকাল বুধবার সকাল আটটার দিকে জাহাঙ্গীরের লোকজন ফের ছয়ফলের পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ছয়ফলের লোকজনও জাহাঙ্গীরের পক্ষের লোকজনের বাড়িঘরে পাল্টা হামলা চালায় ও ভাঙচুর করে। জাহাঙ্গীরের পক্ষের লোকজনের তিনটি এবং ছয়ফলের লোকজনের চারটি বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। শহিদুল ইসলাম, জামান উদ্দিন, আক্কাস আলী, জুব্বার হাজিসহ সাতজনের ঘরের বেড়া, দরজা-জানালা ভাঙচুরের ঘটনা ঘটে। ওই অর্পিত সম্পত্তি নিয়ে এর আগেও এই দুই পক্ষের লোকজনের মধ্যে অনেকবার সংঘর্ষ হয়েছে। শহিদুল ইসলাম জানান, তাঁর বাড়ি থেকে সংঘর্ষের সময় চার ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, কাপড়-চোপড়সহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরাজগঞ্জ পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ এনে ওই গ্রামে মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িত লোকজন গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে।