উল্লাপাড়ায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাপের কামড়ে মার্চেন্টস পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সাগর হোসেন (১৪) মারা গেছে। সে উপজেলার বাখুঁয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। আজ শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর বাবা আবু বক্কর সিদ্দিক জানান, সাগর গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বন্যার পানি পেরিয়ে পাশের বাড়িতে যাচ্ছিল। যাওয়ার সময় পানির মধ্যেই তাকে সাপে কামড় দেয়। রাতেই তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সুকুমার সুর রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাপটি মারাত্মক বিষধর ছিল। কামড়ের কিছুক্ষণ পরেই সে জ্ঞান হারিয়ে ফেলে। ওই অবস্থায়ই তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি।