উল্লাপাড়ায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয় থেকে বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৪) অপহৃত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপহৃত কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।
থানায় দায়ের করা মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে পরীক্ষা শেষে বিদ্যালয় থেকে বের হলে ফটক থেকে মেয়েটিকে অপহরণ করা হয়। ফটকের কাছে শহরের নেওয়ারগাছা মহল্লার সাহস উদদীন, মোবারক হোসেন, আকাশ আলম, দানিয়েল আহমেদ, শাওন মিয়া ও জাহিদ হোসেন নামের কয়েক যুবক দাঁড়িয়ে ছিলেন। তাঁরা জোর করে মেয়েটিকে দাঁড় করিয়ে রাখা একটি প্রাইভেট কারে তুলে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক দিয়ে দ্রুত পালিয়ে যান।
মেয়েটির বাবা অভিযোগ করেন, ওই যুবকেরা তাঁর মেয়েকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। মেয়েটি যে বিদ্যালয়ের ছাত্রী, সেটির প্রধান শিক্ষক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, মেয়েটিকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে।