উল্লাপাড়ায় স্থগিত দুটি কেন্দ্রে আজ ভোট গ্রহণ হচ্ছে
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় স্থগিত দুটি ভোটকেন্দ্রে আজ সোমবার আবার ভোট গ্রহণ করা হবে। কেন্দ্র দুটি হলো নলসোন্দা উচ্চবিদ্যালয় ও সরকারি আকবর আলী কলেজ।
এদিকে নলসোন্দা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাই ও পোড়ানো ঘটনায় দায়ের করা মামলায় উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের জামায়াতের রুকন তাহমিনা খাতুন নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাঁঁকে নলসোন্দা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাহমিনার স্বামীর নাম আলতাব হোসেন।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, তাহমিনা উপজেলার সলপ ইউনিয়নের জামায়াতের রুকন। ১৯ ফেব্রুয়ারি ভোট গ্রহণের আগের দিন রাজশাহী থেকে জামায়াত-শিবিরের সন্ত্রাসী বাহিনী তাঁর বাড়িতে আশ্রয় নিয়ে ভোটকেন্দ্রে হামলা চালায়।
১৯ ফেব্রুয়ারি নলসোন্দা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও জামায়াত কর্মীদের সংঘর্ষ হয়। একই দিন সরকারি আকবর আলী কলেজ কেন্দ্রে ব্যালট পেপারে সিল মেরে নেওয়ার অভিযোগ ওঠে।