উল্লাপাড়ায় ১৪৪ ধারা জারি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একই দিনে, একই স্থানে বিএনপির দুই পক্ষ ইফতার মাহফিল ও আলোচনা সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা বিএনপির সভাপতি এম আকবর আলী উপজেলা বিএনপির পক্ষ থেকে ১৩ই জুলাই তাঁর মালিকানাধীন ঝিকিরা জিনিয়াস কোচিং সেন্টারের মামুন হলে ইফতার ও আলোচনা সভা আহ্বান করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের চিঠি দেন। গত শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক আজাদ হোসেনও একই দিনে, একই স্থানে ইফতার ও আলোচনা সভা আহ্বান করেন। এ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ অবস্থায় শহরের আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় জিনিয়াস কোচিং সেন্টার ও মামুন হল এলাকায় গতকাল শনিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে শহরে মাইকিং করে উপজেলা প্রশাসন। ১৪৪ ধারা জারির পর এম আকবর আলী পক্ষ ঘোষগাতি এলাকায় পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র বেল্লাল হোসেনের বাড়িতে ইফতার ও আলোচনা সভা আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিম আলম জানান, দুই পক্ষ একই স্থানে ইফতার মাহফিল আয়োজন করায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।