উল্লাপাড়ায় ৬৫ ভুয়া পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি কেন্দ্রের ৬৫ ভুয়া শিক্ষার্থীকে বহিষ্কার ও আট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের নির্দেশে গতকাল শুক্রবার ওই কমিটি গঠন করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার ৬৫ জন ভুয়া শিক্ষার্থীকে বহিষ্কার করেন ভ্রাম্যমাণ আদালত। তারা আনন্দ স্কুলের মাধ্যমে পরীক্ষায় অংশ নিয়েছিল। এ কাজে সহায়তা করার অপরাধে ছয় শিক্ষককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়।
বহিষ্কৃত কয়েকজন শিক্ষার্থী জানায়, আনন্দ স্কুলের শিক্ষকেরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে তাদের দিয়ে বদলি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আদালত নেতৃত্বে থাকা উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামীম আলম জানান, আনন্দ স্কুলের ছাত্রীদের নামে বহিরাগতরা পরীক্ষা দিচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে গতকাল ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা চলাকালে বড়হর স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষাকেন্দ্রে অভিযান চালিয়ে এসব ভুয়া পরীক্ষার্থীকে শনাক্ত করা হয়। তারা বিভিন্ন উচ্চবিদ্যালয় ও মাদ্রাসার নিয়মিত শিক্ষার্থী। এ ঘটনায় জড়িত আটটি আনন্দ স্কুলের ছয়জন শিক্ষককে আটক করা হয়। তবে পালিয়ে যান আরও দুজন। আটক শিক্ষকেরা হলেন মার্জিনা ইয়াসমিন, সুলতানা রাজিয়া, নাসরিন আক্তার, ইমন আলী, মুর্শিদা খাতুন ও মুক্তা খাতুন। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁরা জরিমানা পরিশোধ করেন। তবে মানবিক বিবেচনায় পরীক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া শিক্ষক সবিতা খাতুন ও শারমিন ফেরদৌসের বিরুদ্ধে ফৌজদারি আইনে নিয়মিত মামলা করার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনা তদন্তের জন্য গতকাল তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদরুজ্জেহা বিষয়টি নিশ্চিত করে জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শফিকুল ইসলামকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষ্মণ কুমার দাস ও উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিল্লুর রহমান। কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম জানান, কাল রোববার থেকে তদন্ত দল কাজ শুরু করবে। ইতিমধ্যে উল্লাপাড়ার ইউএনও শামিম আলম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবেদীন এবং আনন্দ স্কুলের শিক্ষকসহ সংশ্লিষ্টদের কাছে তদন্তের বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া আটটি আনন্দ স্কুলের হয়ে অংশ নেওয়া ৬৫ জন ভুয়া শিক্ষার্থীকে আটক করে বহিষ্কার করেন ভ্রাম্যমাণ আদালত। আনন্দ স্কুলের শিক্ষার্থী সাজিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করানোর অপরাধে ছয় শিক্ষককে অর্থদণ্ড ও দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।