উল্লাস করতে গিয়ে স্কুলছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল জয়ের পর উল্লাস করতে গিয়ে ট্রাক থেকে পড়ে আজাদ হোসেন ওরফে বাবু (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। গত শুক্রবার গভীর রাতে রাজধানীর বনানী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজাদ উত্তরার একটি স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। গুলশান থানা সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীসংলগ্ন আবদুল্লাহপুর এলাকা থেকে স্থানীয় কিশোর-তরুণেরা একটি ট্রাকে করে উল্লাস করতে করতে বনানী চেয়ারম্যানবাড়ীর সামনের সড়কে আসে। বনানীর ১১ নম্বর রোডের পশ্চিম মাথায় বিমানবন্দর সড়কে ইউটার্ন নেওয়ার সময় ট্রাকটি সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খেয়ে কাত হয়ে যায়। এতে ট্রাকের আরোহীরা ছিটকে নিচে পড়ে যায়। এতে আজাদসহ ২১ জন আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন।