একাত্তরের ১৬ ডিসেম্বরের আগেই যেসব অঞ্চল মুক্ত হয়েছিল, কেমন ছিল সেসব অঞ্চলের পরিবেশ, মানুষের আবেগ-অনুভূতি? এ রকম ১৬টি এলাকার আনন্দ-বেদনার দিনলিপি গ্রন্থিত হয়েছে বিজয়ের মাস–এ
১৯৭১ সালের ৫ ও ৬ ডিসেম্বর দুই দিন ভারতের মেঘালয় সীমান্তের মধ্যনগর এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধ হয় মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর। ইতিহাসে এটা ‘মধ্যনগর যুদ্ধ’ নামে খ্যাত।
মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর আক্রমণে টিকতে না পেরে ৬ ডিসেম্বর দুপুরের পর পিছু হটে পাকিস্তানি সেনারা। ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে হালুয়াঘাটকে মুক্ত ঘোষণা করার সিদ্ধান্ত হয়। কিন্তু তৎকালীন সার্কেল কর্মকর্তা আবদুল খালেক যুদ্ধচলাকালে হালুয়াঘাট ছেড়ে চলে গিয়েছিলেন ময়মনসিংহ শহরে। ৭ ডিসেম্বর সকালে তাঁকে খুঁজে বের করে দুপুরের আগে হালুয়াঘাটে নিয়ে আসা হয়। সার্কেল কর্মকর্তার কার্যালয়ের সামনে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে হালুয়াঘাটকে মুক্ত ঘোষণা করা হয়। উল্লাসে ফেটে পড়ে হালুয়াঘাট ও পার্শ্ববর্তী ধোবাউড়া উপজেলার মানুষ।
হালুয়াঘাট মুক্ত হওয়ার পর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ অনুমান করতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হতে চলেছে। তার পরও ছিল উদ্বেগ নিয়ে অপেক্ষা। কবে আসবে কাঙ্ক্ষিত স্বাধীনতা। যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের ভাগ্য নিয়েও ছিল উদ্বেগ।
হালুয়াঘাট উপজেলার মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, চূড়ান্ত বিজয়ের ১৩ দিন আগে মুক্ত হওয়া হালুয়াঘাটের মুক্তিযোদ্ধাদের প্রধান কাজ ছিল উপজেলার শান্তি বাজায় রাখা আর ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাসাধ্য পুনর্বাসন করা। এ কাজে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সাধারণ মানুষও অংশ নিয়েছিলেন। ৭ ডিসেম্বর রাতেই মুক্তিযোদ্ধারা যান সাংসদ সীমান্তবন্ধু হিসেবে খ্যাত কুদরতউল্লাহ মণ্ডলের বাড়ি। তাঁর পরামর্শে মুক্তিযোদ্ধারা পালিয়ে যাওয়া মুসলীম লীগের সাংসদ ও শান্তি কমিটির চেয়ারম্যান জলিলের পরিত্যক্ত বাড়িটি দখলে নেন। মুক্তিযোদ্ধারা চূড়ান্ত বিজয়ের আগ পর্যন্ত ওই বাড়িতেই অবস্থান নেন। রাতে সর্তক পাহারা থাকত। যেন মুক্তভূমিতে কেউ অরাজকতা সৃষ্টি না করতে পারে। দিনের বেলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাসাধ্য পুনর্বাসনের জন্য কাজ করতেন তাঁরা। যেসব পরিবারের বাড়িঘর যুদ্ধে ক্ষতিগ্রস্ত সেগুলো মেরামত করা, লুট হয়ে যাওয়া মালামালের সন্ধান পেলে সেগুলো ফিরিয়ে এনে প্রকৃত মালিককে দেওয়া—এসব কাজে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সাধারণ মানুষও অংশ নেন। যুদ্ধের তাণ্ডবে ভীত মানুষকে তাঁরা সাহস দিতেন। স্বজনহারাদের সমবেদনা জানাতেন।
হালুয়াঘাটের প্রবীণ ব্যক্তি ও সংগঠক এনামুল হক মণ্ডল বলেন, ওই সময় দেশের নানা প্রান্ত থেকে হালুয়াঘাটের মুক্তিযোদ্ধারা ফিরছিলেন বীরের বেশে। পাশাপাশি মুক্তিযোদ্ধদের শহীদ হওয়ার খবরও আসছিল। সেই সময়টা ছিল মিশ্র অনুভূতির সময়। একদিকে বিজয়ের উল্লাস আর অন্যদিকে স্বজনহারা পরিবারের বেদনা। তার পরও স্বাধীনতার আন্দনটা ছিল প্রবল।
হালুয়াঘাট মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে উপজেলা কমান্ডার মো. কবীরুল ইসলাম বেগসহ কয়েকজন মুক্তিযোদ্ধার সঙ্গে কথা হলো। সেই সময়ের স্মৃতিচারণা করতে গিয়ে তাঁরা বললেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে হালুয়াঘাট উপজেলায় রাক্তক্ষয়ী সংঘর্ষ হয় ৩ নভেম্বর তেলিখালী যুদ্ধে। সেদিন ২১ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এ ছাড়া উল্লেখযোগ্য হলো হালুয়াঘাটের বন্দরকাটা যুদ্ধ।