উষ্ণতা ছড়ানোর উদ্যোগে ভাটা
গেল মৌসুমে শীত জেঁকে বসার সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জের ভৈরবে শীতবস্ত্র নিয়ে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে একধরনের প্রতিযোগিতা হয়। এ বছর এরই মধ্যে শীত গরিব মানুষকে কাবু করে ফেলেছে, কিন্তু উষ্ণতা ছড়ানোর ব্যক্তি ও প্রতিষ্ঠানের তেমন উদ্যোগ নেই।
সচেতন ব্যক্তিদের মতে, সাধারণত স্থিতিশীল পরিবেশে মানুষের মানবিক বিষয়গুলো সক্রিয় হয় বেশি। কিন্তু সবার নজর এখন দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার দিকে। খোঁজ নিয়ে জানা গেছে, শীত শুরুর পর থেকে গত শনিবার পর্যন্ত সংগঠনের ব্যানারে স্থানীয় বিশ্ববিদ্যালয় ছাত্রসংগঠন ও রোটারি ক্লাব ছাড়া বড় পরিসরে আর কোনো প্রতিষ্ঠানকে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি। শুক্রবার রাতে ভৈরব রেলস্টেশন, লঞ্চ টার্মিনাল ও বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বহু ভাসমান মানুষ শীতে কাবু। অনেকে চাদর মুড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছে। চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বয়স্করা।
কথা হয় ভৈরব রেলস্টেশনের কাদির মিয়ার (৫৫) সঙ্গে। তাঁর বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায়। ভিক্ষাবৃত্তি করে তিনি জীবিকা নির্বাহ করেন। কাদির মিয়া বলেন, ‘কী হইল বুঝতে পারতাছি না। আগের বছর শীত শুরুর আগেই অনেক মানুষ গরম কাপড় নিয়া আইছে। এবার নিল (শূন্য)।’
এ কথা স্বীকার করেন রাজনৈতিক দলের কয়েকজন নেতাও। ভৈরব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহ বলেন, আসলে রাজনৈতিক অস্থিরতা বাড়তি বিষয়গুলো ভুলিয়ে দিয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলামের যুক্তি হলো, ‘আমাদের নেতা-কর্মীরা গ্রেপ্তার-আতঙ্কে আছেন। অনেকে মামলার আসামি। শীতবস্ত্র নিয়ে গেলে গ্রেপ্তার হতে হবে। ফলে ইচ্ছে থাকলেও সুযোগ নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ জানালেন, সরকারিভাবে তিনি চার শ কম্বল পেয়েছেন। উপজেলায় লোকসংখ্যা দুই লাখ ৮৯ হাজার। এর ২০ শতাংশ অসহায়। সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের মনোবিজ্ঞানের শিক্ষক সমীর চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘মানুষের মানবিক গুণাবলি একেবারে কমে যায়নি। বলব, সুপ্ত হয়ে আছে। আর এখন যে সংকট লক্ষ করছি, তা রাজনৈতিক।’