প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, উষ্ণতা বৃদ্ধি রোধে বিশ্বের নেতাদের এগিয়ে আসার এখনই সঠিক সময়। পরাশক্তিগুলো এ বিষয়ে দৃষ্টি না দিলে অপরিবর্তনীয় বিপর্যয় হতে পারে, যার প্রভাব কল্পনার অতীত।
‘সাউথ এশিয়া জুডিশিয়াল কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী পর্বে গতকাল শনিবার প্রধান বিচারপতি এসব কথা বলেন।
গত শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সুপ্রিম কোর্ট ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে এই সম্মেলনে মালয়েশিয়া, আফগানিস্তান, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার প্রধান বিচারপতিরাসহ বিভিন্ন দেশের পরিবেশবাদী সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা যোগ দেন।
সমাপনী পর্বে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, যতদূর সম্ভব আদালত পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখছেন। তারপরও জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলার জন্য বিচারক ও নীতিনির্ধারকদের আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন। অধিকন্তু নতুন দিগন্ত উন্মোচনের জন্য দক্ষিণ এশিয়া অঞ্চলের আদালতের ভূমিকা রাখা প্রয়োজন।
প্রধান বিচারপতি বলেন, জলবায়ু-বিষয়ক হুমকি মোকাবিলায় যথাযথ নীতি প্রণয়নে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট সরকারি ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য এ ধরনের প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার এবং পরিবেশের প্রভাবের বিষয় স্কুল-কলেজের শিক্ষাক্রমে সন্নিবেশিত করা প্রয়োজন।